বরগুনা (উত্তর) প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনা ঘটে বরগুনার সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে।
নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মার্জিয়া আক্তার ছবির (৪০) বাবা মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু বলেন, ‘বিয়ের পর থেকে জামাতা পনু যৌতুকের দাবিতে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৪-৫ লাখ টাকা যৌতুক নিয়েছে সে। আরো ২ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রতিদিন তাকে নির্যাতন করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে পনু মেম্বার দা গরম করে আমার মেয়ের গোপনাঙ্গে ছ্যাঁকা দেওয়াসহ শারীরিকভাবে নির্মম নির্যাতন করে উঠানে ফেলে রাখে। জখম অবস্থায় চিত্কার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গৃহবধূ মার্জিয়াকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামি পনু মেম্বারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
