রাজার দেশে ফেরাকে কেন্দ্র করে থাইল্যান্ডে পালটাপালটি বিক্ষোভ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:৫৭

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ দেশে ফিরেছেন। তার ফেরাকে কেন্দ্র করে দেশটির রাজধানী ব্যাংককে মঙ্গলবার পালটাপালটি বিক্ষোভ হয়েছে। তারা পরস্পরবিরোধী শক্তি প্রদর্শন করেছেন এবং এর ফলে তিন মাস ধরে চলে আসা বিক্ষোভের পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স ও ভয়েস অব আমেরিকার

সরকার ও রাজারবিরোধী বিক্ষোভকারীরা ডেমোক্র্যাসি মনুমেন্ট থেকে গভর্নমেন্ট হাউজের দিকে রওনা দেয় এবং সাবেক সামরিক জান্তা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচার পদত্যাগ এবং নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। তারা রাজতন্ত্রের সংস্কারেরও দাবি জানান। এই প্রতিবাদ বিক্ষোভের মাত্র কয়েক গজ দূরেই নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রীয় কর্মচারী এবং রাজতন্ত্রীরা রাজকীয় হলুদ পোশাক পরে দাঁড়িয়ে ছিলেন। রাজার গাড়িবহর আসার পর তারা রাজাকে সম্মান ও শুভেচ্ছা জানান। এর আগে অল্পক্ষণের জন্য কিছু হতাহাতির পর দুপক্ষ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়।

মঙ্গলবার বিক্ষোভকারীরা খুব ব্যতিক্রমীভাবেই রাজার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং তার গাড়িবহর যাওয়ার সময়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময়ে পুলিশের সঙ্গে সংঘাতে ২১ জন বিক্ষোভকারীকে আটক করা হয়য়। পুলিশ গতকাল বুধবার জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়।