ঢাকা-৫ ও ১৮ নিয়ে বৈঠক

ইসির প্রতি অনাস্থার কারণ নেই—সিইসি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১৩

কোনোক্রমেই ইসির প্রতি অনাস্থা হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৈঠকে অন্য চার নির্বাচন কমশিনার, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৭ অক্টোবর শনিবার ঢাকা-৫ উপনির্বাচন হবে। ১২ নভেম্বর হবে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন।

 বৈঠক শেষে সিইসি নূরুল হুদা বলেন, এই দুটি আসন নিয়ে নির্বাচনি এলাকায় আমলে নেয়ার মতো কোনো অসুবিধা নেই। ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গেও কথা হয়েছে। তারা নির্বাচন সম্পর্কে ছোটখাটো কিছু অভিযোগ করেছেন, কিন্তু ব্যাপাকভাবে বা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা তারা পেয়ে যাচ্ছেন।

সিইসি বলেন, বৈঠকে পোলিং এজেন্টদের নিয়ে কথা হয়েছে। পোলিং এজেন্ট দেওয়ার দায়িত্ব প্রার্থীদের। যদি কোনো পোলিং এজেন্ট কেন্দ্রে আসে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। কেন্দ্রে আসার সময়ও যদি কোনো প্রার্থী মনে করে যে, তার এজেন্ট ভোটকেন্দ্রে আসতে নিরাপত্তাহীনতায় আছেন তাহলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য-সহযোগিতা করবে। এ রকম কথা হয়েছে। এখন বিশেষ করে ঢাকা-৫ আসনে চ্যালেঞ্জিং কিছু নেই।

এবার ভোটার উপস্থিতি বাড়বে

করোনা ভাইরাস মহামারির মধ্যে ভোট হলেও তুলনামূলকভাবে এবার ইভিএমে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করেন সিইসি কে এম নূরুল হুদা। গেল ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছিল ইভিএমে। তখন স্বাস্থ্যঝুঁকি নিয়ে নানা তত্পরতায় ভোটার উপস্থিতি কমেছে বলে মনে করেন সিইসি।

তিন ধরনের যান চলবে না

আগামী শনিবার ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ১৬ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ বন্ধ থাকবে।