পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:২৩

দিনাজপুরের বীরগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ের রবি সরেন (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমদ বুধবার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রবি সরেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের মৃত হরি সরেন এর ছেলে।
 
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রবি সরেন তার বাড়ীর পার্শ্ববর্তী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষক রবি সরেন পালানোর চেষ্টা করে। লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। 

এ বিষয়ে শিশুটি বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আজম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক বুধবার দুপুরে ওই রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি রবি সরেন আদালতে উপস্থিত ছিলো।

ইত্তেফাক/বিএএফ