বাঁশখালীতে ৪ জেলেকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৪:২৫

বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালীর চার জেলেকে হত্যার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোট মালিক সমিতির সদস্য ও জেলেরা। বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন- বোট মালিক সমিতির সদস্য মো. হেফাজ, মো. ছগির, মো. ওমর সানি প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, গত ৪ অক্টোবর বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালীর চাম্বল বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে যাওয়া এফ.বি. শাহ মদিনা নামক একটি ফিশিং বোটকে ধাক্কা দিয়ে পানিতে তলিয়ে দেয় এফ.বি. কবির আহমদ (২) নামক অপর একটি ফিশিং বোট। ওই ফিশিং বোটে ব্যক্তিদের দুর্বৃত্ত উল্লেখ করে বক্তারা বলেন,  আধিপত্য বিস্তারের জন্য মাছ ধরতে যাওয়া এফ.বি. শাহ মদিনা নামক ফিশিং বোটটির ওপর এ হামলা চালায়। এতে পানিতে তলিয়ে যাওয়া ফিশিং বোটের ৩৪ জন মাঝিমাল্লার মধ্যে ৩০ জন জেলে কূলে ফিরে আসতে সক্ষম হলেও সাগরের পানিতে ডুবে বাকি ৪ জেলের মৃত্যু ঘটেছে এবং ফিশিং বোটটিও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো হামলার শিকার বোট মালিক ও জেলেদের হয়রানি শুরু করেছে।

বক্তারা এফ.বি. কবির আহমদ (২) নামক ঘাতক ওই ফিশিং বোটের মালিকসহ ওই বোটে থাকা ব্যক্তিদের অচিরেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। 

উল্লেখ্য, এ ঘটনায় নিখোঁজ চার জেলে হলেন- রিপন দাশ (৩২), মোরশেদ (২৫), কবির আহমদ (২৮) ও আবদুর রহিম (২৭)। 

ইত্তেফাক/এসি