সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র

জনবল সংকটে পাঁচ বছর ধরে বন্ধ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:২৪

জনবল সংকটে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার ও জনবল নিয়োগ দিয়ে চিকিত্সাসেবা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অফিস সহকারী মেহেদী হাসান জানান, সারমারা উপস্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিক্যাল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও একজন ফার্মাসিস্টের পদ রয়েছে। তবে বর্তমানে সবগুলো পদই শূন্য। আছেন শুধু একজন অফিস সহায়ক। সারমারার টালিয়াপাড়া নিবাসী শেখ কবির হোসেন জানান, উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে চিকিত্সাসেবার জন্য যেতে হয় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকায় ময়লার স্তূপে অবরুদ্ধ হয়ে গেছে উপস্বাস্থ্যকেন্দ্রের মূল ভবন। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু বলেন, বগারচর ইউনিয়নে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। আর এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরই নির্ভরশীল এলাকার দরিদ্র মানুষ। দীর্ঘদিন বন্ধ থাকায় চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, জনবল সংকটের কারণেই ২০১৫ সাল থেকে উপস্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন চিকিত্সক দিয়ে উপস্বাস্থ্যকেন্দ্রটি চালুর প্রক্রিয়া চলছে। তিনি সপ্তাহে তিন দিন চিকিত্সাসেবা দেবেন, প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হবে। তবে স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সারমারা উপস্বাস্থ্যকেন্দ্রটি চালুর বিষয়ে খুব দ্রুত সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।