১৫ দফা দাবিতে বৃহস্পতিবার মোংলা বন্দরে মানববন্ধন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশন। দুপুরে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে নৌযান শ্রমিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু ও বাবু হাওলাদার।
বক্তারা বলেন, ঢাকা, খুলনা, মোংলা ও চট্টগ্রামসহ সব নদীবন্দরে নৌশ্রমিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদান, শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবি আগামী ১৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে মেনে না নিলে ঐদিন সন্ধ্যা থেকে সারা দেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করবে।
