নাটোরে নিহত নারীর পরিচয় মিলেছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩১

নাটোরের লালপুর থেকে উদ্ধার করা অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। তার নাম লাকি বেগম (৩৫)। সে ঐ উপজেলার হাবিবপুর গ্রামের ইসমাইলের সাবেক স্ত্রী। এদিকে ঐ নারীকে হত্যার সঙ্গে জড়িত থাকায় টুটুল নামে এক জনকে আটক করেছে পুলিশ।  নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৭ অক্টোবর লালপুর উপজেলার একটি লিচু বাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। পরে হাতের ছাপ নিয়েও তার ঠিকানা পাওয়া যায়নি। এ অবস্থায় একজন গ্রাম পুলিশের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে পুলিশ তদন্তে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে গত ১৩ অক্টোবর মাগুড়া জেলার শিমুলের ঢাল নামক স্থান থেকে টুটুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।