তামিমই হতে চান ‘তামিম’

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৬

আল আমিন হোসেনের বলটা খুব খারাপ ছিল না। কিন্তু ব্যাটসম্যান যেন ছবি আঁকলেন।

চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। ফলো থ্রু পর্যন্ত দেখার মতো। এ পাশ থেকে এগিয়ে গেলেন তামিম ইকবাল —কী যেন বললেন। তরুণ ব্যাটসম্যানটি মাথা নেড়ে সায় দিলেন। বোঝা গেল, কথাগুলো ভেতরে নেওয়ার চেষ্টা করছেন।

তামিমের কথা তো তিনি মন দিয়ে শুনবেনই। তিনি নিজেও যে একজন তামিম! হ্যা, তানজিদ হাসান তামিম।

এখনো নামের পাশে বড় কোনো ইনিংস নেই। বলার মতো কীর্তি বলতে, বিশ্বকাপজয়ী দলের ওপেনার। আর দেখার মতো ব্যাপার বলতে, চোখ জুড়ানো শট করতে পারেন। কিন্তু এই সামান্য পরিচয়ের পরও দেশের লোকের তার নাম মুখস্থ হয়ে গেছে। লোকে বলছে, তিনি নতুন তামিম। কেবল ওপেনার বাহাতি বলেই নয়; তাদের নামের কারণেই এই বলাবলি। দুই তামিম নিয়ে গল্প হচ্ছে, দুই তামিম নিয়ে লেখা হচ্ছে; এমনকি বড় তামিম এ নিয়ে ভিডিও বার্তাও দিয়েছেন। নাম কখনো কখনো চাপ হয়ে যেতে পারে, নামের মিলের কারণে এতো কথা কখনো বিরক্তিও তৈরি করতে পারে। কিন্তু ‘ছোট তামিম’ এসবে একটুও বিরক্ত নন। তিনি বরং পুরো ব্যাপারটায় বেশ আনন্দিতই মনে হলো। কণ্ঠের উচ্ছ্বাস না লুকিয়েই বললেন, ‘আমার এটা ভালো লাগে। ছোটবেলা থেকেই বন্ধুরা সবাই তামিম ভাইয়ের সঙ্গে আমাকে মিলিয়ে কথা বলে। এখন তো অনেকে বলছে। আমার আনন্দই লাগে।’ শুধু নামের জন্য নয়, তানজিদ তামিমের কাছে ব্যাটসম্যানশিপের জন্যই তামিম ইকবাল অনেক বড় একটা ব্যাপার। বগুড়ার এই ছেলেটি যখন থেকে ক্রিকেটটা বুঝতে শিখেছেন, তখন থেকেই তামিম ইকবালের ভক্ত। বলছিলেন, নাম যদি এক নাও হতো, তার প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবালই হতেন, ‘বাংলাদেশ দলে যারা খেলেন, সবার খেলা আমার ভালো লাগে। কিন্তু ওনার যে স্টাইল, এগ্রেসন; এটা আমার বেশি ভালো লাগে। আমার একটা স্বপ্নই ছিল, ওনার সঙ্গে একদিন হলেও ব্যাটিং ওপেন করব।’ সেই স্বপ্নটা পূরণ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপে। তামিম ইকবালের দলের হয়েই খেলছেন তানজিদ তামিম। দুই জনে একসঙ্গে এরই মধ্যে দুই ম্যাচে ইনিংস সূচনা করে ফেলেছেন। দুই ম্যাচের কোথাও দুই জনের জুটি বড় হয়নি। এখন তামিমের স্বপ্ন দুই জনে একটা বড় জুটি করা। আর বড় স্বপ্ন হলো জাতীয় দলে একদিন তামিমের সঙ্গে ইনিংস শুরু করা।

এসব স্বপ্নের মধ্যে একটা বিপদও আছে। তামিম ইকবাল দেশের ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান। তার নামের ওজনটা এই ছোট্ট মানুষটার জন্য চাপ হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু তানজিদ বলছেন, তিনি এরকম কোনো চাপ টের পাচ্ছেন না। তিনি বরং এই ব্যাপারটা উপভোগই করে যেতে চান।

আমরাও তাই চাই। দুই তামিম একসঙ্গে উপভোগ করুক ক্রিকেট।