ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে সদ্যই নেইমার ছাড়িয়েছেন রোনাল্ডোকে। আর নেইমারের অর্জনে যারপরনাই আনন্দিত রোনাল্ডো। নেইমারকে অভিনন্দন জানিয়ে আরো এগিয়ে যাওয়ার বার্তা দিলেন ‘দ্য ফেনোমেনন’।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন দুবারের বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার। রোনাল্ডো লিখেছেন, ‘নেইমার প্রচুর ভূমিকায় খেলে, গোল করায়, ড্রিবল করে, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়। আকাশ হলো সীমানা, উড়তে থাকো। কী সুন্দর গল্পই না তুমি লিখছো। পরিপূর্ণ এবং ধীরে ধীরে আরো পরিণত হওয়া ফুটবলার। মাঠের বাইরের বিষয়গুলো কখনো কখনো বল পায়ে রাখার চেয়েও চ্যালেঞ্জের।’
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ডের হ্যাটট্রিকে পেরুর বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চার-দুই ব্যবধানে বড় জয় পায় ব্রাজিল। নেইমার এখন ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। গতকাল তিনি পেছনে ফেলেছেন রোনাল্ডোকে। নেইমারের সামনে এখন আছেন শুধুই কিংবদন্তি পেলে।
নেইমারকে তার প্রতিভার প্রতি আস্থা রাখতে বললেন রোনাল্ডো। তিনি মনে করেন, নেইমারের পক্ষে আরো এগিয়ে যাওয়া সম্ভব। রোনাল্ডো লিখেছেন, ‘ আমরা কোথা থেকে এসেছি, কোথায় গিয়ে পৌঁছাব; কোনটা অসম্ভব, তা আমাদের কে বলবে? নিজের সহজাত ক্ষমতার ওপর আস্থা রাখ। কারণ প্রতিভা তোমার, এটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সামনে তোমাকে আরো অনেক রেকর্ড ভাঙতে হবে, ছাপ রাখতে হবে। একজন ব্রাজিলিয়ানকে শীর্ষে দেখে গর্ব হচ্ছে।’
ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৬৪টি গোল করেছেন নেইমার। তৃতীয় স্থানে নেমে যাওয়া রোনাল্ডোর গোলসংখ্যা ৯৮ ম্যাচে ৬২টি। অন্যদিকে সর্বাধিক ৭৭টি গোল করে এ তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি ফুটবলার পেলে। মানে পেলেকে ছুঁতে নেইমারকে করতে হবে আরো ১৩টি গোল। নেইমারের বয়স এখন ২৮, পেলের রেকর্ডে তিনি নজর রাখতেই পারেন।
