করোনা আতঙ্কে বন্ধ যুবাদের ক্যাম্প

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৮

দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিকেএসপিতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। আইসোলেশনে নেওয়া হয়েছে উপসর্গ থাকা তিন জনকে। ক্যাম্প বন্ধ রাখা হচ্ছে তিন দিন। এদিকে যুব এশিয়া কাপ স্থগিত হওয়ায় ক্যাম্পের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। চার সপ্তাহের পরিবর্তে এখন ক্যাম্প হবে তিন সপ্তাহ।

আগামীকাল শনিবার আবার ক্যাম্প শুরু হতে পারে। তবে এখন ক্যাম্প পুনরায় শুরুর আগে সবাইকে আরেকদফা করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার গতকাল এসব তথ্য জানিয়েছেন। গতকাল বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘করোনা ঠিক বলব না দুই জন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের মধ্যে উপসর্গ দেখেছি যারা যারা ওদের সংস্পর্শে ছিল, ওদেরকে আইসোলেটেড করা হয়েছে। আমরা কিছু দিনের জন্য ক্যাম্প বন্ধ করে দিয়েছি। আর আমরা সবার টেস্ট করার পরে আবার অনুশীলন শুরু করব। আমরা সতর্কতার অংশ হিসেবে অনুশীলনটা বন্ধ রেখেছি।’