শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের আসনের নিচ থেকে চোরাই সোনার একটি বড় চালান আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। এর আর্থিক মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা। বিমানবন্দর নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো দুইটি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে মোড়ানো বান্ডেলে সর্বমোট প্রায় ১৭০টি স্বর্ণের বার পাওয়া যায়। চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
