প্রায় আট বছর ধরে কোমায় আছেন দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি। অসুস্থ হওয়ার আগে তিনি সেনাবাহিনীর লে. কর্নেল পদে কর্মরত ছিলেন। কিন্তু এই দীর্ঘ অসুস্থতার সময়েও নিজের প্রতিষ্ঠান অর্থাত্ সেনাবাহিনী তার পাশ থেকে সরে যায়নি। বর্তমান সেনাপ্রধান মানবিকতার দৃষ্টান্ত হিসেবে কোমায় থাকাবস্থায় তাকে কর্নেল পদে পদোন্নতি দিয়েছেন। তাছাওয়ার রাজার পরিবার এই সম্মানে আপ্লুত।
জানা গেছে, ২০১২ সালের মে মাসে তাছাওয়ার রাজার হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তিনি যে কোমায় গেলেন তার পর আর স্বাভাবিক জীবনে ফেরেননি। এমনকি হাসপাতাল থেকে বাড়িও ফিরতে পারেননি। গত ১২ অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে কর্নেল করা হয়। কোমায় থাকাবস্থায় তার শরীরে কর্নেলের পোশাক ও র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অবশ্য ঐ দিনই অবসরে যান তাছাওয়ার রাজা।
এই সম্মানের পর তাছাওয়ার রাজার স্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমরা সেনাপ্রধানের প্রতি, পুরো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। এমন সম্মানের কথা আমরা কখনো কল্পনাও করিনি।’
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা মরমি কবি হাছন রাজার প্রোপুত্র। ১৯৮৯ সালের ২৩ জুন তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
দীর্ঘ চাকরিজীবনে ১৯৯৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীন ইরাক-কুয়েত এবং ২০০৭ সালে সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। চাকরিজীবনে ব্যস্ততার মাঝেও তিনি কবি হাছন রাজার জীবন ও কর্ম নিয়ে ‘হাছন রাজা সমগ্র’ এবং মেজর জেনারেল এম এ জি ওসমানীকে নিয়ে ‘ও জেনারেল মাই জেনারেল’, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস’সহ একাধিক বই লিখেছেন তিনি। সর্বশেষ সেনাবাহিনীর হিস্ট্রি প্রজেক্টে লে. কর্নেল পদে কর্মরত ছিলেন। ২০১৩ সালের ১১ মার্চ অসুস্থ হয়ে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। চিকিত্সাধীন থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। ঐ বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে উন্নত চিকিত্সার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। পরে মে মাসে তাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় সিএমএইচে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ আট বছর যাবত্ তিনি কোমায় রয়েছেন।
গত ১২ অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে কর্নেল করা হয়। কোমায় থাকাবস্থায় তার শরীরে কর্নেলের পোশাক ও র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অবশ্য ঐ দিনই অবসরে যান তাছাওয়ার রাজা।
