করোনায় আক্রান্ত হয়েছিল ট্রাম্পের ছোট ছেলে

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এই তথ্য জানিয়েছেন তার মা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিজের ছেলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প স্কুল খুলে দিতে আবারও আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের

মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, তার ছোট ছেলে ব্যারন ট্রাম্পও (১৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে এখন সে সুস্থ। তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছেন মেলানিয়া। আইওয়ার সমাবেশেও ট্রাম্প জানিয়েছেন, তার ছেলে ব্যারন করোনায় আক্রান্ত হয়েছিল। তবে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা            ভালো থাকায় সমস্যা হয়নি। তিনি স্কুল খুলে দিতে আবারও আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমার মনেই হয় না যে সে জানত সে ভাইরাসটিতে আক্রান্ত, এর কারণ তারা অল্প বয়সি এবং তাদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে সেটিকে থামিয়ে দিয়েছে। ৯৯ দশমিক ৯ শতাংশ (জীবাণুমুক্ত হয়েছে) এবং ব্যারন এখন চমত্কার আছে। সে মুক্ত বলে জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যকে বন্ধ স্কুলগুলো খুলে দিতে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রাজি করানোর চেষ্টা করছেন। কিন্তু শিক্ষক সংগঠনগুলো তার আহ্বানে সাড়া দিচ্ছে না।