দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে মৃত্যুর সংখ্যা ছিল ১৪। রোজার ঈদের পর গত ২৮ মে মৃত্যুর সংখ্যা ১৫ ছিল। দেশে মোট ৫ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হন ১ হাজার ৬০০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন হলো। আরো ১ হাজার ৭৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
