বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, কোভিড চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সহায়তা বাড়িয়েছে বিশ্বব্যাংক। বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে সহায়তায় জোর দিচ্ছে সংস্থাটি। তার মতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শ্রমিকদের, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এবং তাদের পরিবারগুলোকে সহায়তা পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশ্বব্যাংকের চলমান বার্ষিক সভা উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওয়াশিংটন স্থানীয় সময় ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নমনীয় অর্থায়ন বা স্বল্প সুদের ঋণ বাড়ানো হবে কি-না, এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জরুরিভাবে স্বাস্থ্য খাতে সহায়তার হাত বাড়িয়েছে বিশ্বব্যাংক। বর্তমান করোনা পরিস্থিতিতে উন্নয়নশীল বিশ্বে ঋণ ও অনুদান প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে। তবে এটিও একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকবে। এরপর নমনীয় শর্তে অর্থ পেতে আইডা (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) তহবিলের জোগানদাতাদের সঙ্গে কথা বলতে হবে। তিনি মনে করেন, করোনার প্রভাবে বাংলাদেশের রেমিট্যান্সে আঘাত আসতে পারে। বিশ্বব্যাংক এ ধরনের সমস্যা মোকাবিলা নিয়ে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের প্রধান অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা করা। সেই সঙ্গে মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা। যত দ্রুত সম্ভব হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে। পরের ধাপে অর্থনীতি যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে সহায়তা করা।
