জাতীয় পার্টি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:২৫

কেন্দ্রীয় কমিটি কর্তৃক অগঠনতান্ত্রিকভাবে গঠিত জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়া। গতকাল নগরীর চান্দনা-চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি জানান, পার্টির পরীক্ষিত নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে অবহিত না করে জাল মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরিতে সুবিধা নেওয়া বিতর্কিত ব্যক্তি সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীনকে কমিটির আহ্বায়ক এবং ভুয়া ক্যাপ্টেন হিসেবে পরিচিত মোশারফ হোসেনকে সদস্যসচিব করে গত ১২ অক্টোবর এ বিতর্কিত কমিটি গঠন করা হয়। এতে পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন। অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে মহানগরের প্রতিটি থানায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরীফুল ইসলাম শরীফ, ফখরুল ইসলাম প্রধান, অ্যাডভোকেট মোস্তাফা জামান, স্থানীয় জাতীয় পার্টির নেতা ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম সবুজ ও ইমতিয়াজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।