করোনার দ্বিতীয় ওয়েভ চলছে ইতালিতে। ফলে সেদেশে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এক মাস বাড়ানো হয়েছে। তবে বৈধ ভিসাধারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি সরকার। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ইতালিতে অবস্থানরত বৈধ ভিসাধারী বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে। এটা ইতালির পুলিশ কর্তৃপক্ষ যাচাই করবে, তারপর ভিসা নবায়ন করবে। ইতালি এখনো নিয়মিত ভিসা ইস্যু চালু করেনি। শুধু যাদের বৈধ ভিসা রয়েছে, তাদের জন্যই ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
