সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার জিওধরা গ্রামে স্থানীয় সাংবাদিক ইলিয়াসকে হত্যার পর মামলাকে ভিন্নখাতে নিতে চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এই অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিক হত্যার ন্যায়বিচার দাবি করেছেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলেখা বেগম এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ইলিয়াস জিওধরা বাজার থেকে রুস্তমপুরগামী রাস্তার প্রবেশমুখ দিয়ে বাসায় ফেরার সময় মাসুদ ও তার সহযোগী তুষার, তুর্জয়, সাগর, পাভেল, হযরত আলী, মিছির আলী ও মিনাসহ ১০/১২ জন তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
