সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেলো এক ব্যক্তি কিভাবে ছাদ থেকে দৌড়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তার নাম সোলায়মান (৩৮)। রাজধানীর গুলশানের শাহজাদপুরের একটি দশ তলা বাড়ির ছাদ থেকে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
ওই বাড়ির পাশে আরেকটি বাড়ির দেওয়ালে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে তিনি আত্মহত্যা করেছেন।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, শাহাজাদপুরের জিপি ক-৮১ নম্বর বাড়ির তিন তলার ফ্ল্যাটে সোলায়মান সপরিবারে ভাড়া থাকতেন। সোলায়মান তার বড় ভাইয়ের প্রতিষ্ঠানে ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টার দিকে তিনি দশ তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
স্ত্রী মীম পুলিশকে জানিয়েছেন, তার স্বামী আগেও একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা তিনি জানাতে পারেননি। এ ঘটনায় মীম বাদী হয়ে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/আরকেজি
