টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোন্দাকুড়ি বেইলি ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্য উপায় না থাকায় এর ওপর দিয়ে পারাপার হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন ও মানুষ। সরেজমিন দেখা যায়, বিকল্প কোনো সড়ক না থাকার কারণে এর ওপর দিয়ে বড়চওনা, ধলাপাড়া, দেওপাড়া, পারখীসহ উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ও ভ্যান, রিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছে। শুধু হালকা যানবাহনই নয়, এই ব্রিজ দিয়ে পারাপার হয় পিকআপ ভ্যান ও ট্রাকের মতো ভারী যানবাহনও। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। অটোরিকশাচালক মো. সাহেব আলী বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি না চালাতে পারলে খামু কি? বিকল্প কোনো রাস্তা নেই। তাই জীবনের ঝুঁকি নিয়েই আমাদের প্রতিদিন গাড়ি চালাতে হয়। একই কথা বললেন সিএনজিচালক মো. আমিনুল। তিনি অতি দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানান। পারখী গ্রামের কলেজ শিক্ষক মো. মাজহারুল ইসলাম বলেন, ব্রিজটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে এটিকে মেরামত করা প্রয়োজন বলেও তিনি মনে করেন। বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছোহরাব আলী বলেন, বিষয়টি আমি উপজেলা সমন্বয় কমিটির সভায় উত্থাপন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্রিজটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, বিষয়টি জানার পর আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানাই। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট করেছেন। অতি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
