সম্মান দাবি করলেন গেইল

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪৩

নিজেই নিজেকে বলেন ইউনিভার্স বস। ইদানিং তার ব্যাটের পেছনে লেখা—দ্য বস। বৃহস্পতিবার ফিফটি করার পর সেই লেখাটা দেখালেন। ম্যাচশেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্রিস গেইল বললেন, তার নামের প্রতি লোকেরা যাতে সম্মান দেখায়, সে জন্য এটা করেছেন।

এবার আইপিএলে বৃহস্পতিবারই ছিল গেইলের প্রথম ম্যাচ। প্রথম দিকে দল তাকে নামাচ্ছিল না। পরে তিনি অসুস্থ ছিলেন। অবশেষে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামলেন। নেমেই ৪৫ বলে ৫৩ রান করে দলের জয়ের নায়ক হলেন।

তবে শেষ ওভারটায় পাঞ্জাব আরো একবার তালগোল পাকিয়ে ফেলেছিল। এক ওভারে ২ রান নিতে গিয়ে আরেকবার হারতে বসেছিল। এই সময় গেইল আউটও হয়ে যান। তিনি নার্ভাস ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘ঠিক নাভার্স না। ইউনিভার্স বস ব্যাটিং করছে—আমি কীভাবে নার্ভাস হতে পারি! আমি হয়তো আপনাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারি। তবে নার্ভাস নই (হাসি)। সত্যি বলতে, আমরা ভেবেছিলাম, ম্যাচ আমাদের হাতের মুঠোয়। তবে ক্রিকেটে কত অদ্ভুত কিছুই তো হয়!’

বরাবরই ওপেনার হলেও এই ম্যাচে গেইল ব্যাট করেছেন তিন নম্বরে, তার জন্য যা বিরল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯৭ ইনিংসে মাত্র ষষ্ঠবার তিনি ব্যাট করলেন তিনে। ৪১ বছর বয়সি এই ব্যাটসম্যান বললেন, দলের জন্য অন্য পজিশনে খেলতে তার কোনো আপত্তি নেই, ‘দল আমাকে একটি দায়িত্ব দিয়েছে, এটি তাই কোনো সমস্যা নয়। আমাদের ওপেনাররা খুব ভালো ফরমে আছে। মায়াঙ্ক আগারওয়াল ও রাহুল খুব ভালো শুরু এনে দিচ্ছে দলকে। সেখানে বিঘ্ন ঘটাতে চাইনি আমরা। আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পালন করেছি।’

ফিফটির পর ব্যাটের ‘দা বস’ লেখার দিকে ইঙ্গিত করে যে উদ্যাপন, সেটি নিয়েও নিজের মতো করেই বললেন গেইল, ‘আমি স্রেফ বলছিলাম, এই নামের প্রতি সম্মান দেখাও। আর কিছু নয়। এই নামকে সম্মান করো।’