আজ মুখোমুখি মাহমুদউল্লাহ-নাজমুল একাদশ

জমে উঠছে টুর্নামেন্ট

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪৩

স্লো উইকেট, বল গ্রিপ করছে। বলও নিচু হয়ে যাচ্ছে মাঝে মাঝে। উইকেটে রান নেই, ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে খাবি খাচ্ছিলেন ব্যাটসম্যানরা। বোলাররা কাঁপাচ্ছেন শেরেবাংলার ২২ গজ। বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুটা এমনই ম্যাড়ম্যাড়ে ছিল।

গত বৃহস্পতিবার হওয়া টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ থেকেই দৃশ্যপটে কিছুটা পরিবর্তন এসেছে। বোলারদের দাপটের পাশাপাশি এই ম্যাচে ব্যাটসম্যানরাও মাথা তুলে দাঁড়িয়ে লড়েছেন। মেহেদী হাসানের ঝড়ো ইনিংসের পর মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরি প্রাণ ফিরিয়েছে এই টুর্নামেন্টে। তামিম একাদশের জয়ের মধ্য দিয়ে কার্যত টুর্নামেন্ট জমে উঠেছে। প্রথম পর্ব শেষে প্রতিটি দল সমান অবস্থায় আছে। দুটি করে ম্যাচ খেলেছে তিন দল। একটি করে জয় এবং ঝুলিতে দুই পয়েন্ট আছে সবার।

যদিও রান রেটে মাহমুদউল্লাহ একাদশ এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তাদের রান রেট ০.৫১৯। নাজমুল একাদশ (-০.০৪৬) দ্বিতীয় ও তলানিতে আছে তামিম একাদশ (-০.৩৬১)।

মুশফিকের ১০৩ রান, মেহেদীর ৮২ রানই দ্বিতীয় পর্বে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস দিচ্ছে। ব্যাটসম্যানরাও ছন্দে ফিরতে শুরু করেছেন। বোলারদের ছড়ি ঘোরানোর দৃশ্য কমে আসতে পারে এবং ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করবেন এমনটাই আশা সবার। চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা দুই কিউরেটরও উইকেটে রান ফেরানোর চেষ্টায় থাকবেন। তাদেরকে প্রাথমিক সফলতা এনে দিয়েছে মুশফিক, মেহেদীর ব্যাটিং।

আজ মাহমুদউল্লাহ একাদশ খেলবে নাজমুল একাদশের বিরুদ্ধে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাজমুল একাদশ হারিয়েছিল মাহমুদউল্লাহ একাদশকে। আজ নিশ্চিতভাবেই একই তিক্ততা নাজমুলদের ফিরিয়ে দিতে চাইবেন মাহমুদউল্লাহরা। অন্যদিকে বৃহস্পতিবার রাতে মুশফিকের লড়াইয়ের পরও ম্যাচ হেরে যাওয়া নাজমুল বাহিনী আজ জয়ে ফিরতে মুখিয়ে থাকবে। তাই জমাট লড়াই আশা করাই যায়।

আগের রাতে হারের পর গতকাল বিশ্রামে ছিল নাজমুল একাদশ। অনুশীলন বাতিল করেছিল তারা। ম্যাচ জেতা তামিম একাদশও শুক্রবার দিনটা বিশ্রামে কাটিয়েছে। সূচি অনুযায়ী বিকালে অনুশীলন থাকলেও গতকাল সকালেই মাঠে হাজির হয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ইমরুল কায়েস ও লিটন দাস ছাড়া দলের সবাই অনুশীলন করেছেন।

পয়েন্ট টেবিল

নাম                                   ম্যাচ              জয়               পরাজয়              পয়েন্ট               রান রেট

মাহমুদউল্লাহ একাদশ            ২                  ১                 ১                      ২                      ০.৫১৯

নাজমুল একাদশ                  ২                  ১                 ১                      ২                      -০.০৪৬

তামিম একাদশ                    ২                  ১                 ১                      ২                      -০.৩৬১