যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জোড়া হত্যাকাণ্ডের মোটিভ ২৪ ঘণ্টায়ও উদ্ঘাটন হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া (বারপাড়া) গ্রামের মাঠের মধ্যে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার জয়ন্তা গ্রামের আকতার হোসেনের ছেলে বাদল হোসেন (২৪) ও লোকমান হোসেনের ছেলে আহাদ আলী (২৫)।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাসির বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি বাড়ির উঠানে বসেছিলাম। তখন রক্তাক্ত একজন দৌঁড়ে এসে বলে, ‘চাচা, আমারে বাঁচান।’ এই বলে সে অচেতন হয়ে পড়ে যায়। তখন আমরা বাড়ির সবাই চিত্কার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে রওনা হয়। পথে সদর উপজেলার চাউলিয়া গেটে ঐ ছেলেটির মৃত্যু হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে দেখে, আরেকজনের লাশ রাস্তায় (ঘটনাস্থলে) পড়ে আছে। সেই লাশটি বাদলের।’
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘাতকদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
