বিক্ষোভ সত্ত্বেও পদত্যাগের দাবি নাকচ থাই প্রধানমন্ত্রীর

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৪৪

বিক্ষোভে পদত্যাগের দাবি উঠলেও তা নাকচ করে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচা। গতকাল শুক্রবার তিনি বলেন, তার সরকার ক্ষমতার ব্যবহার করতে কার্পণ্য করবে না। গত তিন মাস ধরে দেশটিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমানোর দাবিতে বিক্ষোভ চলছে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার জরুরি অবস্থা উপক্ষো করে চলা বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। এরপর গতকাল মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  আমি পদত্যাগ করব না। সরকার অবশ্যই জরুরি অবস্থা জারির আদেশ কার্যকর করবে। পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে, ফলে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। ৩০ দিন ধরে এটা কার্যকর করা যাবে, তবে পরিস্থিতি শান্ত হলে সেটা করা নাও হতে পারে। গত জুলাই থেকে থাইল্যান্ডে ছাত্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে বিক্ষোভ অব্যাহত থাকবে।

এদিকে রানির বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দুই বিক্ষোভকারী তথা মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রানির মোটর শোভাযাত্রায় বাধা দিয়েছিলেন বুনকুয়েনান পাওথং এবং একাচাই হংকংওয়ান নামের দুই বিক্ষোভকারী। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।