গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকার বাসিন্দা।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, যুদ্ধাপরাধের মামলায় মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড হয়। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা করে মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলেসহ সাত জনকে হত্যার ঘটনায় ২০১৯ সালের ২৭ জুন মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুবের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত মাওলানা আব্দুল ওয়াদুদ। তিনিও রাজাকার ছিলেন বলে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক জানিয়েছেন। কঠোর গোপনীয়তার মধ্যে সন্ধ্যায় মির্জাপুর বাজারের বাইমহাটি কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
