সিংগাইর সরকারি কলেজে বিধি বহির্ভূতভাবে মাসিক বেতন, অনলাইনে পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। কলেজ ছাত্র সংসদের ভিপি মিরুর নেতৃত্বে বৃহস্পতিবার শিক্ষার্থীরা কলেজ চত্বরে এই প্রতিবাদ সভা করে। শিক্ষার্থীরা বলেন, ‘করোনাকালীন সময়ে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় সিংগাইর সরকারি কলেজের কার্যক্রমও বন্ধ ছিল। অথচ বকেয়া বেতন ও অন্যান্য ফি আদায়সহ বিভিন্ন ধরনের অনিয়ম করে যাচ্ছেন কলেজ অধ্যক্ষ। এমনিতো আর্থিক অনটনের মধ্যে আছেন সাধারণ মানুষ। সংসারের খরচ মিটিয়ে আমাদের পড়ালেখার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। যেখানে বেতন ও ফি মওকুফ করার কথা কিন্তু এখানে তা হচ্ছে না। প্রত্যেকে অতিরিক্ত টাকার রশিদ ধরিয়ে দ্রুত ব্যাংকে জমা দিতে চাপ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া অনৈতিক বেতনের বোঝা আমরা মেনে নেব না।’ অধ্যক্ষ মো. নুরুদ্দিন বলেন, ‘আগের নিয়মেই আমরা ৪৫০ টাকা পরীক্ষার ফি এবং ৫০০ টাকা সেশন চার্জ নিচ্ছি। চার মাসের বেতন আমরা মাফ করেছি। যারা বার্ষিক পরীক্ষা দেয়নি তাদের ক্ষেত্রে বেশি নেওয়া হচ্ছে। সবকিছু আগের মতোই চলছে। কতিপয় ছাত্র নেতার অবৈধ সুযোগ-সুবিধা বন্ধ হওয়ায় তারা বিক্ষোভ করেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই।
