দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, সিটি করপোরেশন ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি জাল চিঠি তৈরি করে দিতেন রাজু আহমেদ অমিত নামে এক ব্যক্তি। তার এই প্রতারণার কাজে আরো বেশ কয়েকজন জড়িত। প্রায় ২ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রাজুকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
গতকাল দুপুরে মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, গ্রেফতারের সময় রাজুর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প, জার্মানিতে প্রস্তুত একটি অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার (যাতে নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও ট্রেড লাইসেন্স তৈরি করা হতো), ১৭টি টিনের ডিভাইসসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি প্রিন্টিং প্রেসের আড়ালে জালিয়াত চক্রের সদস্যরা তাদের অপকর্ম চালিয়ে আসছিল। চক্রটি বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে মুদ্রণযোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্পসহ সরকারি নথি প্রতারণামূলকভাবে বিপণন করে আসছিল। এই জালিয়াতি চক্রের কারণে দেশের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিআইডির ঐ কর্মকর্তা আরো বলেন, রাজুর কাছ থেকে ১ কোটি ৮১ লাখ টাকার স্ট্যাম্প জব্দ করলেও সারা দেশে এই চক্রের আনুমানিক ৫ থেকে ৭ কোটি টাকার জাল স্ট্যাম্প রয়েছে। জালিয়াতির সঙ্গে আরো চার জন পলাতক, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতারণা এড়াতে সবাইকে রেজিস্টার্ড ভেন্ডরের কাছ থেকে স্টাম্প সংগ্রহ করার আহ্বান জানান সিআইডি কর্মকর্তা রেজাউল হায়দার।
