ডোমারে সোনারায় ইউপি চেয়ারম্যান কালাম আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৯:৫৫

নীলফামারীর ডোমার উপজেলার চামুয়ার বিল খননে মাটির ভিতর হতে পাওয়া গৌতম বুদ্ধদেবের মুর্তিটি সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ি হতে উদ্ধারের পর তাকে আটক করা হয়েছে। রবিবার বিকালে তাকে পুলিশ আটক করে ডোমার থানায় জিজ্ঞাসাবাদ করে। শনিবার গভীর রাতে সোনারায় ইউপি চেয়ারম্যানের বাড়ি হতে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

থানা সূত্র জানায়, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১১ জানুয়ারি উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিলে খনন কাজ শুরু হয়। খননকালে শ্রমিকরা একটি পাথরের মুর্তি দেখতে পায়। মূর্তিটি সংরক্ষনের কথা বলে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ফরহাদ হোসেন নিজের কাছে রেখে দেয়। মূর্তিটি পুলিশ কিংবা প্রত্নতত্ত্ব বিভাগে জমা না দিয়ে সে আত্মসাতের চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে গত শনিবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদ আলী চেয়ারম্যানের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার বিকালে চামুয়ার বিল হতে জিজ্ঞাসাবাদের জন্য সোনারায় ইউপি চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়। 

গৌতম বুদ্ধদেবের মুকুটসহ মুখমণ্ডলসদৃশ উদ্ধার হওয়া পাথরের মূর্তিটির দৈর্ঘ্য সাড়ে ছয় ইঞ্চি, প্রস্থ আড়াই ইঞ্চি ও ওজন সাড়ে সাতশ গ্রাম।

আরও পড়ুনঃ ঝিনাইগাতীতে টাকা ছাড়া পল্লী বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না গ্রাহকরা

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদ আলী জানান, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে ফরহাদ হোসেন মাটির নিচ থেকে পাওয়া মূর্তিটি আত্মসাতের চেষ্টা করে। এজন্য চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই সিন্ধান্ত হবে চেয়ারম্যানকে ছাড়া হবে না গ্রেফতার করা হবে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে পাঁচটা) তাকে ডোমার থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু