একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:০৯

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম।  তোমরা এমন এক সময়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ যখন পৃথিবীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তথাপিও তোমাদের জন্য আশীর্বাদ হলো এই বৈশ্বিক মহামারিতে তোমরা অনলাইন ক্লাসে লেখাপড়ার সাথে যুক্ত থাকতে পেরেছ। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই তোমাদের সুবিধার্থে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন এবং উদ্দীপক নির্ভর প্রশ্ন এই কয়েকটি স্তরে আমরা প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন সাজাবো। তারই আলোকে প্রথম স্তরে ব্যবসায় পরিচিতির প্রথম অধ্যায় হতে জ্ঞানমূলক প্রশ্নসমূহ উপস্থাপন করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

১। ব্যবসায় কী?

উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে উত্পাদন ও বণ্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়।

২। শিল্প কী?

উত্তর:প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকে শিল্প বলা হয়।

৩। অভ্যন্তরীণ বাণিজ্য কী?

উত্তর:একটি দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পন্ন হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

৪। বৈদেশিক বাণিজ্য কী?

উত্তর:দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়।

৫। লেনদেনের পৌন:পুনিকতা কী?

উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন লেনদেন বারে বারে বা বিরতিহীনভাবে সম্পাদিত হওয়াকে লেনদেনের পৌন:পুনিকতা বলা হয়।

৬। উপযোগ কী?

উত্তর:কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়।

৭। আমদানি কী?

বিদেশ হতে  নিজ দেশে পণ্য দ্রব্য আনয়ন করাকে আমদানি বলা হয়।

৮। রপ্তানি কী?

বিদেশী কোন ব্যবসায়ীর নিকট নিজ দেশ হতে পণ্য দ্রব্য প্রেরণ কার্যকে রপ্তানি বলা হয়।

৯। পুন:রপ্তানি কী?

উত্তর:কোনো দেশ অন্য আরেকটি দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য আরেকটি দেশে পণ্য সামগ্রী প্রেরণ করাকে পুন:রপ্তনি বলা হয়।

১০। পাইকারি ব্যবসায় কী?

উত্তর:উত্পাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী একত্রে ক্রয়  করে তা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।