বনের রাজা সিংহ তার বনরাজ্য শাসনে সহযোগিতার জন্যে তিনজন সভাসদ নিয়োগ করল। তারা হলো চিতাবাঘ, শেয়াল এবং কাক। চিতাবাঘ প্রতিরক্ষা, শেয়াল স্বরাষ্ট্র এবং কাক তথ্য ও বিদেশ বিষয়ক দায়িত্ব পেল। তারা রাজাকে খুশি রাখার জন্যে রোজ একটি করে নতুন গল্প বানিয়ে শোনাত।
একদিন কাক বলল, ‘জাঁহাপনা, কখনো উটের মাংসের স্বাদ নিয়েছেন?’ আদতে সিংহ কিংবা তার অপর দুই সভাসদ কেউই কখনো উটের মাংস চোখেই দেখেনি।
কাক পুনরায় বলল, ‘আমি মরুভূমিতে একটি তাগড়া উট দেখতে পেয়েছি। আমরা ওটাকে পাকড়াও করে নিয়ে আসতে পারি হুজুর।’
অচেনা উপাদেয় খাবারের আকর্ষণে সিংহসহ চারজনই মরুভূমিতে বেরিয়ে পড়ল। কাক আগে আগে উড়ে উড়ে পথ দেখিয়ে চলল।
তারা মরুভূমিতে চলছে তো চলছে। মরুর গরম বালিতে সিংহের থাবাগুলো ঝলসে যাওয়ার উপক্রম হলো। সে বিরক্ত হয়ে বলল, ‘যথেষ্ট হয়েছে। চল, এবার বনে ফিরে যাই।’
শেয়াল প্রস্তাব করল যে, সিংহকে বিশ্রামে রেখে তারা তিন সভাসদই এগিয়ে গিয়ে উটটিকে ধরে নিয়ে আসবে। চিতাবাঘ কিছুটা আরামের জন্যে নিজের গরম হয়ে ওঠা থাবাগুলো আয়েস করে মালিশ করে নিল।
শেয়াল মরুভূমিতে অদূরেই উটটিকে দেখতে পেল। সে চটজলদি উটের কাছে গিয়ে বলল, ‘ভাই উট, আমাদের রাজামশাই তোমাকে দেখা করতে বলেছেন।’
উট অবাক কণ্ঠে বলল, ‘তোমাদের রাজা কী কারণে আমাকে ডেকে পাঠালেন? আমি যে আমার মনিবের সেবায় নিয়োজিত আছি।’
কাক জবাব দিল, ‘আমাদের রাজা তোমাদের মনিবকে বন্দি করে দূরের গহিন বনে পাঠিয়ে দিয়েছেন। তাকে ছাড়িয়ে আনার জন্যে তোমার আমাদের রাজার সঙ্গে দেখা করা উচিত।’
শেয়ালের কথা বিশ্বাস করে উট তার সঙ্গে রওয়ানা হলো। সিংহ এবং তার তিন সভাসদ নাদুস-নুদুস শিকার পেয়ে ভারি খুশি হলো। তারা তাড়াতাড়ি উটটিকে নিয়ে বনে ফিরে এল।
এদিকে সিংহরাজ খিদেয় ভীষণ কাতর। কাক গদগদ হয়ে বলল, ‘হুজুর, আমাকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। আমার মাংস পরিমাণে কম হলেও বেশ সুস্বাদু।’
চিতাবাঘ জেদ দেখিয়ে বলল, ‘আমার মাংস পরিমাণে অনেক বেশি হবে। হুজুর, দয়া করে আমাকেই গ্রহণ করুন।’
শেয়াল দৃঢ়তার সঙ্গে বলল, ‘হুজুর নিশ্চয়ই আমার মাংস বেশি পছন্দ করবেন।’
উট উপায়ান্তর না দেখে বলল, ‘আমিই আজকের রাজকীয় খাবার হতে চাই জাঁহাপনা।’
রাজা উটটিকেই হত্যা করবে মনে করে তিন চাটুকারই খুশির প্রহর গুনতে লাগল। কিন্তু সিংহ হঠাত্ থাবা উঁচিয়ে তিন চাটুকার সভাসদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
সিংহ উটকে হাসিমুখে বলল, ‘তোমার কোনো ভয় নেই। আজ থেকে তুমি আমার বন্ধু।’
প্রাচীন ভারতীয় উপকথা অবলম্বনে
