অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে পারে ফিনটেক

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৮

অনুষ্ঠিত হলো ২য় বাংলাদেশ ফিনটেক সামিট ২০২০

ইত্তেফাক রিপোর্ট

ফিনটেক (ফাইন্যান্সিয়াল টেকনোলজি) এর ভবিষ্যেক প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হলো ২য় বাংলাদেশ ফিনটেক সামিট ২০২০। লঙ্কাবাংলা ফাইন্যান্সের পরিবেশনায় ও গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের পৃষ্ঠপোষকতায় ও নগদ এর সহযোগিতায় শুক্রবার বিকালে ভার্চুয়ালি শুরু হয় বাংলাদেশ ফিনটেক সামিট ২০২০। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই সম্মেলনে সারাদেশ ও দেশের বাইরে থেকে ফাইন্যান্স পেশাদাররা অংশগ্রহণ করেন। ফিনটেকের কাজ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আর্থিক পণ্য ও সেবাগুলোর ডিজাইন ও সরবরাহ করা। এবারের অধিবেশনটির মূল প্রসঙ্গ ছিল ‘শেপিং ফিউচার অফ ফাইন্যান্স ফর পিপল’। আয়োজকরা জানান, সম্মেলনটির উদ্দেশ্য হলো ফিনটেক কোম্পানিগুলোর জন্য এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে তারা তাদের সাফল্য, ব্যর্থতা ও উঠে দাঁড়ানোর গল্পগুলো ভবিষ্যতে উদ্যোক্তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। এছাড়াও সংলাপের মাধ্যমে ভবিষ্যত্ ফিনটেক কোম্পানিগুলোর জন্য সঠিক কাঠামো গঠন ও নীতি নির্ধারণ করে বাংলাদেশের ফিনটেক ইন্ডাস্ট্রিকে আরো স্বয়ংসম্পূর্ণ করা—যাতে বিশ্বব্যাপী ফিনটেক প্রসারে বাংলাদেশও উপকৃত হবে। উদ্বোধনী পর্বে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম বলেন আর্থিক খাত অর্থনীতির প্রধান অংশ এবং বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বেশ ভালো করছে। বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কীভাবে ফিনটেক এতে সহায়তা করতে পারে সেই বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে ফিনটেক বাংলাদেশের গতি বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ উদ্ভাবন সামনে এসেছে এবং সাফল্যের সঙ্গে সমস্যার সমাধান করছে।