স্পোর্টস ডেস্ক
করোনা পজিটিভ হয়েও কোয়ারেন্টাইন না মেনে ইতালিতে পা রেখেছেন, তাতে ভঙ্গ হয়েছে ইতালির স্বাস্থ্যবিধিও; ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে এমন পরোক্ষ অভিযোগ এনেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। তবে সম্প্রতি এর উত্তরে রোনালদো জানিয়েছেন, যা করেছেন সবই বিধি মেনে করেছেন তিনি।
সম্প্রতি এক ইন্সটাগ্র্যাম লাইভে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মন্ত্রীর অভিযোগকে মিথ্যা বলেও অভিহিত করেন। বলেন, ‘ইতালিতে এক ভদ্রলোক আছেন, যার নাম আমি স্মরণ করতে চাই না। তিনি বলেছেন, আমি প্রটোকল মানিনি। এটা মিথ্যা।’
তিনি আরো যোগ করেন, তার সব কাজ বিধি মেনেই এগোচ্ছে। রোনালদোর ভাষ্য, ‘আমি প্রটোকল মেনেছি আর ভবিষ্যতেও মেনে চলব। আমার নীতিবোধ ঠিক পথেই আছে। আমি যাই করেছি কর্তৃপক্ষের অনুমতি মোতাবেকই করেছি।’ পর্তুগালে করোনা পজিটিভ হলেও রোনালদো ইতালিতে ফিরে এসেছেন। তবে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি তুরিন ভিলায় ফেরার পর থেকেই আইসোলেশনে আছেন পর্তুগিজ তারকা।
