স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের আজ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ্যে শুটিং স্পোর্টস ফেডারেশন অনলাইনে শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল টুর্নামেন্টের আয়োজন করেছে। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। আজ বেলা ২টায় খেলা শুরু হবে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে সাত দেশের দুই জন করে শ্যুটার অনলাইনে অংশগ্রহণ করছে। ক্রিকেট তারকা মাশরাফি অনলাইনে যোগ দেওয়ার কথা থাকলেও শ্যুটিং ফেডারেশন জানিয়েছে মাশরাফির সন্তান অসুস্থ বলে তাকে আর আনা হয়নি।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানে ছিলেন ফেডারেশন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এনএসির সচিব মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক রাশীদুল হাসান। টোকিও অলিম্পিকের আগেই শ্যুটারদের উন্নত প্রশিক্ষণ দিতে বিদেশি কোচ আনার কথা জানানো হয়।
