দেশের বিভিন্ন স্থানে আরো ছয় নারী ও শিশুকে ধর্ষণ-নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় মামলা দায়েরের পর এক আওয়ামী লীগ নেতার ভাইসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান, শুক্রবার বিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এক গৃহবধূকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামের সিদ্দিকের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাবলাবনা গ্রামের রাজু আলী (৩৫) ও একই এলাকার রিয়াজ আলী (২০)। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের রিমান্ড চেয়ে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, উপজেলায় ভাতিজিকে ধর্ষণ করেছেন চাচা। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মনফর আলীর পুত্র। থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, গত শুক্রবার এ ধর্ষণের ঘটনায় গতকাল শনিবার ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ইটনা উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে তার চাচাত ভাই রাকিব (১৬) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামে। পরে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাকিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলায় এক গৃহবধূকে হাত-মুখ বেঁধে নির্যাতন ও দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে শনিবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। এদিকে ঘটনায় সম্পৃক্ত অভিযোগে চরমার্গারেট গ্রামের মজিবর শরিফের ছেলে শাকিল (২০) ও চরলক্ষ্মী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আল হাদীকে (২২) আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে জানা যায়, গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি এখনই বলা যাচ্ছে না। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার মিরপুরে স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার ভোরে আওয়ামী লীগ নেতার ভাই নুরুজ্জামান ওরফে পলাশ মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। পলাশ মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের চাচাত ভাই এবং একই ইউপি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কামরুজ্জান টুটুলের আপন ছোট ভাই। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, আট বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ আব্দুল হামিদ (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঘনিরামপুর হ্যালিপ্যাডসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঐ শিশুর বাবা বিকালে তারাগঞ্জ থানায় মামলা করেন। আটক হামিদ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর হাড়িকাটা গ্রামের মৃত নমির উদ্দিনের পুত্র। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
