গাঁজা ব্যবসায়ীর নেতৃত্বে পুলিশ বক্সে হামলা, সার্জেন্ট আহত

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৫৩

চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে গাঁজা ব্যবসায়ীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা পুরাতন বাস স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় শহর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফেরদৌস আলম চৌধুরী আহত হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ বক্স সংলগ্ন মো. বেলাল নামে এক পানের দোকানদারকে গাঁজা ব্যবসায়ী মনছুর আলমের নেতৃত্বে তার স্ত্রী হাছিনা বেগম, বড় ভাই আশেক আহমদ, হাবিব উল্লাহ ও আমান উল্লাহ লাঠিসোঁটা নিয়ে মারধর করে। মারধর থেকে বাঁচতে তিনি পাশে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নেন। পুলিশ তাতে বাধা দিলে পুলিশকেও মারধর করে ঐ সন্ত্রাসীরা।