নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, চীনা নাগরিককে হত্যা করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। পিরোজপুরে ক্যাডার রাজনীতি চলবে না । চীন চলে গেলে পদ্মা সেতু হবে না। টাকার জন্য যারা চীনা নাগরিককে খুন করেছে তা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, দুর্গোত্সব হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয়। মহালয়ের সূচনা থেকে সুরের ব্যঞ্জনা আমাদের মুসলিম সম্প্রদায়কে আকৃষ্ট করে। আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি করে আনন্দ উপভোগ করি।
গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের যৌথ উদ্যোগে সনাতন হিন্দু ধর্মাবলম্ব্বীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাজিরপুর শাখার সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা সংসদ সদস্য সাধনা রানি হালদার, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হামিক হাওলাদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ওবায়েদুর রহমান, হিন্দু কল্যাণ ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, সাবেক ট্রাস্টি বিপুল বিহারী হালদার, পিরোজপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১১৯টি পূজা মন্দিরের সভাপতির হাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। একই অনুষ্ঠানে উপজেলার ২২টি হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের আওতায় ঘর নির্মাণ শেষে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন।
