‘সিনেপ্লেক্স বাড়লে ছবির সংখ্যাও বাড়বে’

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

আবারো নতুন ছবি নিয়ে ব্যস্ত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। পাশাপাশি একটি ওয়েব ফিল্মে কাজও করছেন তিনি। নতুন বছরে তার কাজ ও ছবির সংখ্যা কমার প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন

মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

এইতো ভালো আছি।

নতুন বছরে আপনার কাজের প্রসঙ্গে বলুন—

নতুন ছবির বিভিন্ন বিষয় নিয়ে তো ব্যস্ততা সবসময় থাকে। এছাড়াও এবার একটি ওয়েব ফিল্ম নিয়ে কাজ করছি। একটি পরিবারের গল্প এটি। কলকাতার জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ ‘হইচই’ বাংলাদেশেও যাত্রা শুরু করতে যাচ্ছে। সেখানে দেশের অনেক নির্মাতার কাজ থাকবে। ওয়েব ফিল্মটির নাম এখনো ঠিক হয়নি। আমরা গল্প নিয়ে কাজ করছি।

ইদানিং অনেক নির্মাতাই ওয়েব সিরিজ নির্মাণ শুরু করেছেন। আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কি-না?

এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই। কারণ আমার প্রথম কাজ ছবি নির্মাণ করা। সেটি নিয়ে কাজ করার পাশাপাশি যতটুকু সময় পাই অন্য কাজগুলো করার চেষ্টা করি। যেহেতু নতুন ছবি নিয়ে এখন ব্যস্ত আছি তাই অন্য কাজ বেশি করার সুযোগ নেই।

নতুন ছবি প্রসঙ্গে বলুন—

দুটি গল্প নিয়ে আমি তৈরি আছি। প্রযোজকদের সাথে বিভিন্ন সময় মিটিং হচ্ছে। এখনো জানি না কোন গল্পটি করবো। যে গল্পটির জন্য প্রযোজক পাওয়া যাবে সেটি নিয়েই এগুবো।

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে বড় বাজেটের একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে। ছবিটি কী তাহলে হচ্ছে না?

আমি আসলে এটি নিয়ে বিস্তারিত এমনকিছু জানি না যে বলবো। এই পরিকল্পনার আমি একটি অংশ। ছবিটি হবে কি হবে না এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।

প্রতিবছর ধারাবাহিকভাবে ছবি মুক্তির সংখ্যা কমছে। এ বছরও এমনটা হবে মনে করেন?

আসলে ছবি মুক্তি কম হওয়ার কারণ হল ও হলের পরিবেশ। তবে সিনেপ্লেক্স বাড়লে ছবির সংখ্যাও বাড়বে। এখন অনেক জায়গায় নতুন সিনেপ্লেক্স নির্মাণ শুরু হয়েছে। এছাড়া সরকার থেকে প্রতি জেলায় একটি করে সিনেপ্লেক্স করার নির্দেশনা আছে বলে জানি। আমাদের ছবির দর্শক আছে এটি প্রমাণিত। তবে তাদের জন্য ভালো পরিবেশ দিতে হবে। এ বছরেই হয়তো পুরো পরিবর্তন আসবে না। সেটির জন্য সময় লাগবে। তবে হল সংখ্যা বাড়লে অবশ্যই ছবি নির্মাণ ও মুক্তির সংখ্যা বাড়বে।