ঢাকায় এবার কুমারীপূজা হচ্ছে না রাত ৯টার পর মণ্ডপ বন্ধ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১৯

মহামারি করোনার কারণে ঢাকায় কোনো মণ্ডপে এবার কুমারীপূজা অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত দুর্গাপূজার নানাদিক নিয়ে গতকাল ঢাকেশ্বরী মন্দিরে এক মতবিনিময় সভায় এ কথা জানান। তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ঢাকায় কোনো মণ্ডপে কুমারীপূজা উদ্যাপন করা হবে না। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কুমারীপূজা হতেও পারে। করোনার সংক্রমণ এড়াতে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে। এ বছর দুই-একটি জায়গা ছাড়া প্রতিমা ভাঙার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, সন্ধ্যা আরতির পর রাত ৯টার মধ্যে অবশ্যই পূজামণ্ডপ বন্ধের নির্দেশনা দিয়েছি।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, করোনা অতিমারির কারণে এবার উত্সব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে স্বাত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোত্সবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করছি। নির্দেশনা মেনে এবারের পূজায় থাকবে না পূজার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। অঞ্জলি দানের সময় ফেইসবুক লাইভের সহযোগিতা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্মল বলেন, যেসব জায়গায় সরাসরি অঞ্জলি হবে, সেখানে ২৫ থেকে ৫০ জনের বেশি আসতে পারবেন না।

নির্মল চ্যাটার্জি বলেন, সপ্তমী তিথিতে বিশ্ববাসীর করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে করা হবে প্রার্থনা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভক্তিমূলকসংগীত ছাড়া অন্য কোনো গান যেন বাজানো না হয়, মাইক ব্যবহার করা না হয়, পূজামণ্ডপে ‘প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘ সময়’ কোনো দর্শনার্থী যেন না থাকে এবং সন্ধ্যার বিরতির পর দর্শনার্থীদের প্রবেশে যেন নিরুত্সাহিত করা হয়—সেসব বিষয়ও আছে নির্দেশনায়।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দেওয়া তথ্য অনুসারে, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২২৩টি।