ফ্রান্সে এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী প্যারিসের শহরতলী এলাকায় গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে। ঐ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে, নাকি এটি সংঘবদ্ধ হামলা তা জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ঐ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন। কার্টুন দেখানোর আগে ঐ শিক্ষক ক্লাসে বলেছিলেন, ক্লাসে থাকা মুসলিম শিক্ষার্থীদের যদি খারাপ লাগে, তবে তারা বেরিয়ে যেতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার ঘটনাকে ‘ইসলামী সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, ‘তারা জিততে পারবে না। আমরা পদক্ষেপ নেব।’
উল্লেখ্য, এমন কার্টুন প্রকাশের পর ২০১৫ সালে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালানো হয়েছিল। সম্প্রতি এই হামলার ঘটনায় বিচার শুরু হয়েছে। তিন সপ্তাহ আগে শার্লি এবদোর সাবেক কার্যালয়ের বাইরে আরেকটি হামলার ঘটনা ঘটে।
