বোদায় বিষপানে ২ সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৪

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর কৈমারী গ্রামে লিলুফা লিলি নামের ২ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে। সে ঐ গ্রামের আব্দুল আলী বাবুলের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সে কাউকে কিছু না বলে সবার অজান্তে বিষপানে আত্মহত্যা করে। কিন্তু লিলুফার বাপের বাড়ির অভিযোগ তাকে হত্যা করে মুখে বিষ দেওয়া হয়েছে।

তার পরিবারের অভিযোগের ভিত্তিতে বোদা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

ইত্তেফাক/নূহু