ঘরে বসেই অ্যাকাউন্ট খোলার অ্যাপ ‘সিটি এখনই অ্যাকাউন্ট’ চালু করেছে সিটি ব্যাংক। যেসব গ্রাহকের জাতীয় পরিচয়পত্র আছে তারা এ অ্যাপ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই তাত্ক্ষণিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের মোবাইল ফোনের জন্যই অ্যাপটি চালু করা হয়েছে।
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রদত্ত নীতিমালার আলোকে ‘সিটি এখনই অ্যাকাউন্ট’ অ্যাপ তৈরি করা হয়েছে। এ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। প্রথমে গ্রাহকদের গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। প্রথমে গ্রাহককে অ্যাকাউন্টের ধরন বেছে নিতে হবে। এরপর ওটিপি-র মাধ্যমে গ্রাহকের মোবাইল নম্বর যাচাই করা হবে। পরের ধাপে গ্রাহককে জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করতে হবে। এরপর গ্রাহককে তার একটি সেলফি তুলে সেটি যাচাইয়ের পর গ্রাহককে আরো কিছু তথ্য দিতে হবে। তাকে প্রোডাক্ট ও ব্যাংক শাখা বাছাই করতে হবে। এরপরই গ্রাহক তার অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলার সঙ্গে সঙ্গে গ্রাহক তার অ্যাকাউন্ট নম্বর এবং তাত্ক্ষণিক ব্যাংকিং লেনদেন শুরু করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি
