রাঙ্গামাটির মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:১৮

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮টির বেশি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৮টায় ঘরের রান্নার গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আগুন দীর্ঘ ২ ঘন্টা স্থায়ী হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে রাঙ্গামাটি, কাংউখালী ও কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এছাড়া স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর কাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শহরের মসজিদ কলোনী কালিশংকর পাহাড় এলাকার একটি বাসার রান্নঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এতো বেশী যে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন মুহূর্তের মধ্যে জনগনের চলাচলের রাস্তায় চলে আসায় কোনমতে মানুষ প্রাণ নিয়ে বাড়ির পিছনের দিক দিয়ে চলে যায়। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এরপর রাঙ্গামাটির কাউখালী ও কাপ্তাই উপজেলার ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করে। তারা সকলে মিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ, অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে কাপ্তাই ও কাউখালীর দুটি ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে পড়ে।’ পরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।

আরও পড়ুন: জবিতে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৭৮ টি পরিবারের মাঝে ৩০ কেজি চাল, নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/নূহু