টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক এএসআইসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর বাজিতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাচ্চর বাজিতপুর গ্রামের দুটি পক্ষ শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় একজন এএসআইসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নামীয় ৮৫ জন ও অজ্ঞাত ৯০০ থকে ১ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
