কয়রা (খুলনা) সংবাদদাতা
সুন্দরবনের হড্ডা বন টহল ফাঁড়ি ও নলিয়ান কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংস ও দুটি হরিণের চামড়াসহ দুই জনকে আটক করেছে। এ সময় ৪০০ মিটার হরিণ ধরার ফাঁদ এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হড্ডা টহল ফাঁড়ির সামনে পাউবোর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের জামিনী মণ্ডল ও একই গ্রামের অরুন মণ্ডল। তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
