আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে। সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করতেই উপনির্বাচনে অংশ নিয়েছিল তারা। গতকাল রবিবার দুপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ এই সভার আয়োজন করে। এতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কাদের। তিনি আরো বলেন, গত এক দশকে গণতান্ত্রিক আচার-আচরণ, রীতি-নীতিতে ব্যর্থ বিএনপি একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বরাবরের মতোই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তা ও আচার-আচরণে দেশবাসী গভীরভাবে হতাশ হয়েছে। অতীতেও আমরা দেখেছি নির্বাচন এলেই বিএনপি জনগণের কাছে না গিয়ে নানা ধরনের কূটকৌশল ও অপতত্পরতা শুরু করে। নওগাঁ-৫ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনেও দেশবাসী বিএনপির চিরায়ত অপরাজনীতির এই কৌশল প্রত্যক্ষ করেছে।
১৫ আগস্টের হত্যাকাণ্ড কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। রাসেল মানবিক গুণাবলির অধিকারী ছিলেন। উদারভাবে মানুষের সঙ্গে মেলামেশার শিক্ষাটা তিনি পরিবার থেকেই পেয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে পরিবারের সবার সঙ্গে ছোট রাসেলকেও বন্দি জীবনযাপন করতে হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই বিশ্ব ইতিহাসের জঘন্যতম পৈশাচিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেদিন বিশ্ব মানবতা থমকে গিয়েছিল। শেখ রাসেল আমাদের স্মৃতিতে অম্লান, অনুভূতিতে অক্ষয় আর চেতনায় চির জাগরুক।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
