দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল ১২ মে, সেদিন ১১ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল।
গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আর গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ২৭৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৯ হাজার ৭২ জন হয়েছে।
