২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:৩০

আলুর দাম বাড়ায় ভোক্তাদের সুবিধার্থে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খুব শিগগির খোলাবাজারে ট্রাকে এই আলু বিক্রি শুরু হবে।

গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ এ কথা জানান। মন্ত্রী বলেন, দেশে আলুর কোনো ঘাটতি নেই। প্রচুর আলুর আবাদ হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হবার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যের বেশি আলুর দাম হওয়ার কোনো কারণ নেই। বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি হঠাত্ করে কয়েক দিনের ব্যবধানে ৩০ টাকা থেকে আলুর কেজি ৬০ টাকা ছুঁয়েছে। এ অবস্থায় সরকারের কৃষি বিপণন অধিদপ্তর কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাজারে নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় সভায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রি.জে. মো. আরিফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।