আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি শামীমের লাশ সাড়ে তিন বছর পর আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পের নির্মাণাধীন ভবনের ব্যারাকে হামলার সময় নিহত হয় শামীম। পরিচয় নিশ্চিত হওয়ার পর যোগাযোগ করা হলেও পরিবার লাশ নিতে রাজি হয়নি। ফলে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১ দাফনের জন্য তার লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, ‘পরিবার লাশ নিতে রাজি না হওয়ায় আমরা আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছি।’
র্যাব জানায়, নিহত যুবকের নাম শামীম (২৫)। বাড়ি নরসিংদীতে। বাবার নাম সাইদুর রহমান। সে একসময় বিদেশে ছিল। নব্য জেএমবির সদস্য শামীম ২০১৭ সালের ১৭ মার্চ দুপুরে দেয়াল টপকে হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে আশকোনায় র্যাব ক্যাম্পের ভেতরে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে তার সঙ্গে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায় এবং ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের পাসপোর্টের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে র্যাব। তবে তার পরিবার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
