চীনে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কানাডায়। ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়া সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কানাডিয়ান নাগরিকদের পাশাপাশি ভারতীয়রাও অংশ নিয়েছে। সেইসঙ্গে আরো সাতটি ভিন্ন সংগঠন তাদের সঙ্গে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
ভ্যানকুভার আর্ট গ্যালারী থেকে ৫০০ জনের অধিক বিক্ষোভকারী একটি র্যালি বের করে। সেই র্যালি ভ্যানকুভারে অবস্থিত চীনা দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা উইঘুরদের ওপর অত্যাচার করার জন্যে চীনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এছাড়া গতকাল ১৮ অক্টোবর চীনে দুই কানাডিয়ান নাগরিক আটকের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেয়া ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়া সংগঠনের সদস্য মানিন্দার গিল বলেন, চীনা আইনে সংবাদমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। সেইসঙ্গে বাক ও সমাবেশ করার স্বাধীনতাও তারা দেয় না।
করোনাভাইরাসের এই মহামারির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। সবাই মাস্ক ব্যবহার করেছেন।
বিক্ষোভে ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়া সংগঠন ছাড়াও অংশ নেয়া অন্যান্য ৭টি সংগঠন হলো: কানাডা তিব্বত কমিটি এন্ড দ্য তিব্বতি কমিউনিটি, ফ্রেন্ডস অব কানাডা ইন্ডিয়া অর্গানাইজেশন, ভ্যানকুভার সোসাইটি অব ফ্রিডম, ডেমোক্র্যাসি এন্ড হিউম্যান রাইটস ফর চাইনা, ভ্যানকুভার হংকং পলিটিকাল একটিভিস্ট, ভ্যানকুভার কনসার্ন্ড অ্যাবাউট হংকং, ভ্যানকুভার সোসাইটু ইন সাপোর্ট অফ ডেমোক্র্যাটিক মুভমেন্ট এবং ভ্যানকুভার উইঘুর এ্যাসোসিয়েশন।
করোনাভাইরাসের এই মহামারিতেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন মানিন্দার গিল।
ইত্তেফাক/টিআর/এসআর
